কুলিয়ারচরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

কুলিয়ারচরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঢাকা মহানগর উত্তর তাঁতী দলের বনানী থানার আহ্বায়ক ও ব্যবসায়ী আব্দুল কাদির বাবুল (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ ভ্যানের চালক গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

একই ঘটনায় আহত পিকআপচালক সুমনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ‎নিহত আব্দুল কাদির বাবুল ময়মনসিংহের নান্দাইল উপজেলার সিংরুল ইউনিয়নের পূর্ব নদীর পাড় গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।

‎পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে নিজের তেলের মিলের জন্য সরিষা কিনতে গাজীপুরের মাওনা থেকে একটি পিকআপ ভ্যানে করে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা দেন কাদির বাবুল। দুপুরে কুলিয়ারচর উপজেলার বাজরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পিকআপে থাকা আব্দুল কাদির বাবুল ও চালক সুমন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নিকটস্থ ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে আব্দুল কাদির বাবুল মারা যান। আহত চালক সুমনকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

‎এদিকে কাদির বাবুলের মৃত্যুতে নান্দাইলের নিজ গ্রাম পূর্ব নদীর পাড় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে তিনি পরিবারসহ ঢাকায় বসবাস করছিলেন। বনানী এলাকায় তার নিজস্ব তেলের মিল, মুদি দোকানসহ একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। পাশাপাশি তিনি জাতীয়তাবাদী তাঁতী দল বনানী থানার আহ্বায়ক হিসেবে সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন