ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে বিভিন্ন স্থানে দোয়ার আয়োজন করা হয়। গতকাল শুক্রবার বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে ও দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি জানান, গতকাল শুক্রবার বাদ জুমা বরিশালের গৌরনদী উপজেলা সদরের কেন্দ্রীয় ঈদগা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত শোকরানা দোয়ার আয়োজন করা হয়।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা এম জহির উদ্দিন স্বপন বিপুল ভোটে নিরঙ্কুশ বিজয় অর্জন করায় এবং সারা দেশে বিএনপির গৌরবোজ্জ্বল বিজয়ের ফলে গৌরনদী উপজেলা ও পৌর বিএনপি শুক্রবার বাদ জুমা ওই শোকরানা দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব।
উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, বরিশাল উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শামীম খলিফা, গৌরনদী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুর রহমান শরীফ স্বপন, যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান খোকন, বরিশাল উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাইয়েদুল আলম খান সেন্টু প্রমুখ।
রাজবাড়ী প্রতিনিধি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনে মসজিদে মসজিদে দোয়া মাহফিলের অংশ হিসেবে রাজবাড়ীতে দোয়ার আয়োজন করা হয়। শুক্রবার বাদ জুমা আঞ্জুমানই কাদরিয়া (বড় মসজিদ) মসজিদে সদ্য নির্বাচিত এমপি আলী নেওয়াজ মাহমুদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর জন্য মুসল্লিদের কাছে দোয়া চান। মসজিদের ইমাম হাফেজ মো. শাহজাহান বিএনপি পরিবারসহ সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তা ও দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করেন।
দৌলতখান (ভোলা) প্রতিনিধি জানান, জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ জয়লাভ করায় এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়েছে। শুক্রবার বাদ জুমা ভোলার দৌলতখানের উত্তর বাজার মারকাজ জামে মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে জুমার নামাজের আগে বক্তব্য দেন, সংসদ নির্বাচনে বিজয়ী ভোলা-২ আসনের সাবেক এমপি মো. হাফিজ ইব্রাহিম। তিনি মসজিদে মুসল্লিদের উদ্দেশে বলেন, নির্বাচনে বিএনপির বিজয়ে কোনো আনন্দ উৎসব বা বিজয় মিছিল করার কর্মসূচি নেই। তিনি বলেন, তারেক রহমান সবার কাছে দোয়া চেয়েছেন। যাতে তিনি দেশের উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করতে পারেন।
এ সময়ে ব্যারিস্টার মারুফ ইব্রাহিম আকাশ, উপজেলা বিএনপির রাজনৈতিক সমন্বয়ক মো. আকবর হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া, সাধারণ সম্পাদক শাজাহান সাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বসির, সাধারণ সম্পাদক গোলাম আযম পলিন উপস্থিত ছিলেন। মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান দোয়া মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে মুসল্লিরা দেশ ও জাতির কল্যাণ, তারেক রহমানের সুস্থতা এবং বেগম খালেদা জিয়া ও প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করা হয়।
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইন ৭৪ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহমেদ তায়েবুর রহমান ঘোড়া প্রতীক পেয়েছেন ৬৫ হাজার ৫১৩ ভোট। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সারা দিন ভোটের পরিবেশ ছিল শান্ত ও স্বাভাবিক। এদিকে শুক্রবার বিকালে গৌরীপুর বিএনপির আনন্দ মিছিল করার কথা থাকলেও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আনন্দ মিছিল স্থগিত করে স্থানীয় মসজিদ ও বিভিন্ন ধর্মীয় উপসনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় বিএনপি।
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি জানান, দেশে বিএনপির বিজয়ে ও (সারিয়াকান্দি-সোনাতলা) এলাকায় কাজী রফিকুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করায় ফুলবাড়ী বাজার জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বাজার মসজিদের খতিব মাওলানা শরীফুল ইসলাম। উপস্থিত ছিলেন সদ্য যোগদান করা বিএনপি নেতা অধ্যক্ষ মোখছেদুল আলম, মসজিদ কমিটির সাধারণত সম্পাদক আবু তাহের, কোষাধ্যক্ষ আব্দুল লতিফ ও মুসল্লিগণ। এ সময় শহীদ জিয়া ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় তারেক রহমানকে দেশ, জাতির সেবা করার জন্য মহান আল্লাহ তায়ালার রহমত কামনা করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

