মৃত্যুকে জয় করে জজ হয়ে মায়ের স্বপ্নপূরণ তাইজুলের

মৃত্যুকে জয় করে জজ হয়ে মায়ের স্বপ্নপূরণ তাইজুলের
মায়ের সঙ্গে তাইজুল

মাত্র আড়াই বছর বয়সে বাবাহারা, দারিদ্র্যের সঙ্গে অনবরত লড়াই, পরবর্তীতে দুটি কিডনি বিকল। জীবনের সব প্রতিকূলতা ও মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসে অবশেষে মায়ের স্বপ্ন পূরণ করেছেন মাদারীপুরের কালকিনি উপজেলার এস এম তাইজুল ইসলাম। ১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় ১২০তম স্থান অর্জন করে সহকারী জজ (সিভিল জজ) হিসেবে সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

বিজ্ঞাপন

উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুর গ্রামের সন্তান তাইজুল। ২০০৮ সালে আলীপুর দাখিল মাদরাসা থেকে গোল্ডেন এ+ পেয়ে ইতিহাস গড়েন। ২০১০ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন তিনি।

২০১৩ সাল থেকে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভোগার পর ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় হঠাৎ দুটি কিডনিই অকেজো হয়ে পড়ে। সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী বন্ধু, শিক্ষক, আত্মীয়স্বজন ও দেশের সাধারণ মানুষের সহযোগিতায় ২০১৭ সালে ভারতে তার সফল কিডনি প্রতিস্থাপন করা হয়।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণ ও শত প্রতিবন্ধকতা জয় করে অবশেষে সহকারী জজ হিসেবে চূড়ান্ত সুপারিশ পেয়ে আনন্দের প্লাবনে ভাসছে তার পরিবার ও এলাকাবাসী। আবেগাপ্লুত ও অশ্রুসজল চোখে তার মা হাওয়া বেগম বলেন, একবেলা না খেয়ে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে সন্তানদের মানুষ করেছি। আমার একটাই স্বপ্ন ছিল—ছেলে একদিন জজ হবে; পরম করুণাময় আল্লাহ আজ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন।

এস এম তাইজুল ইসলাম বলেন, আল্লাহ তাআলার অশেষ রহমত, মায়ের অকৃত্রিম ত্যাগ এবং দেশের অসংখ্য মানুষের ভালোবাসার কাছে আমি চিরঋণী। সত্য ও নিষ্ঠার সঙ্গে বিচারকাজ পরিচালনা করে আজীবন সাধারণ মানুষের সেবা করে যেতে চাই।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন