আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোট দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

উপজেলা প্রতিনিধি, তালতলী (বরগুনা)

ভোট দিয়ে ফেরার পথে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

বরগুনা-১ আসনের তালতলীতে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে ইউপি সদস্য আলী আহম্মদ ফরাজীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ১৮০ নম্বর কাজিরখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান শেষে বাড়ি ফেরার পথে পাজরাভাঙ্গা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার বড়বগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী আহম্মদ ফরাজী ভোট দেওয়ার পর মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পাজরাভাঙ্গা এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দা জাফর গাজীর ছেলে সাইদুল ও জব্বার গাজীর ছেলে রিয়াদ তার মোটরসাইকেল থামিয়ে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. রাকিবুল বলেন, “রোগীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশালে রেফার করা হয়েছে।”

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ভোটকেন্দ্র থেকে দূরে এ ঘটনা ঘটেছে। এখনো ঘটনার কারণ জানা যায়নি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, “আমি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছি। ঘটনাস্থলে প্রশাসনের টিম পাঠানো হচ্ছে। ভুক্তভোগীর পরিবার মামলা করতে চাইলে সর্বাত্মক সহযোগিতা করা হবে।”

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন