নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নোয়াখালীতে পিকআপের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলায় মাছবাহী পিকআপের ধাক্কায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন যশোর ক্যান্টনমেন্টে কর্মরত এক সেনাসদস্য। সোমবার ভোরে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কবিরহাট-সোনাপুর সড়কে ইতালি মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মো. আমিনুল হক (৩০) ঘোষবাগ ইউনিয়নের পশ্চিম সোনাদিয়া গ্রামের নুর নবীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সোনাপুর থেকে একটি মাছবাহী পিকআপ কবিরহাটের দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৫টার দিকে ইতালি মার্কেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয় পিকআপটি। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অটোরিকশাচালক আমিনুল হক ও যাত্রী সৈকত গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক আমিনুল হককে মৃত ঘোষণা করেন। আহত সেনাসদস্য সৈকত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কবিরহাট থানার ওসি রোমেল বড়ুয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করে থানায় নিয়ে এসেছে। তবে দুর্ঘটনার পর পিকআপের চালক ও হেলপার পালিয়ে যান। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করার প্রক্রিয়া চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন