মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কাভার্ডভ্যানের ধাক্কায় জয়ন্ত চক্রবর্তী (৩৫) নামে এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের বধ্যভূমি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জয়ন্ত চক্রবর্তী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোরকিপার পদে কর্মরত ছিলেন। তার অকাল মৃত্যুতে সহকর্মী, পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, জয়ন্ত চক্রবর্তী মোটরসাইকেল চালিয়ে শ্রীমঙ্গল শহরের দিকে যাচ্ছিলেন। পথে বধ্যভূমি এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে তিনি সজোরে ধাক্কা খান। এতে গুরুতর আহত হলে স্থানীয়রা দ্রুত তাকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "কাভার্ডভ্যানটি আটকে থানায় নিয়ে আসা হয়েছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।"
জয়ন্ত চক্রবর্তীর মৃত্যুতে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকর্মীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে। তাঁর সহকর্মীরা বলেন, “জয়ন্ত ছিলেন একজন সৎ, বিনয়ী ও কর্মনিষ্ঠ মানুষ। তাঁর এমন অকাল প্রয়াণ আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।”
এই দুর্ঘটনায় জয়ন্ত চক্রবর্তীর পরিবারের সদস্যরা গভীরভাবে শোকাহত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

