ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় আটক দুইজনকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিওপি, সুন্দরপুর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের ফেরত দেওয়া হয়।
মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দেশে ফেরত আসা ব্যক্তিরা হলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলার ভূইগড় গ্রামের শ্রীদাম বিশ্বাসের ছেলে শ্রী শ্যামল (৬৬) ও ওই উপজেলার রঘুনাথপুর গ্রামের হরিদয়াল সরকারের ছেলে শ্রী রতন সরকার (৫৮)।
বিজিবির সহকারী পরিচালক সাইফুল ইসলাম জানান, বাংলাদেশের বাঘাডাঙ্গা সীমান্তের ওপারের ১৯৪ বিএসএফের সুন্দরপুর ক্যাম্পের সদস্যরা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অপরাধে দুই বাংলাদেশীকে আটক করার পর ফেরত প্রদানের আহ্বান জানান। এরপর বিএসএফ-বিজিবি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে আটককৃতের পরিচয়পত্র যাচাই বাছাই শেষে ফেরত দেয় বিএসএফ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

