মাদারীপুরের কালকিনি উপজেলার ১৫৮নং চর আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনকে পিটিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে ও হামলায় জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় উপজেলার সর্বস্থরের শিক্ষকদের ব্যানারে পরিষদ চত্বরে এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহআলম, সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস শিকদার, সহসভাপতি গোলাম কিবরিয়া, অর্থ বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সনজিৎ বাড়ৈ,
শিক্ষক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, আইসিটি সম্পাদক বেলায়েত হোসেন ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সবুজ হোসেন প্রমুখ। এসময় বক্তারা কঠোর হুশিয়ারি দিয়ে বলেন, শিক্ষক ইমাম হোসেন রাজনের হামলার ঘটনায় হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি পালন করা হবে। সবশেষে হামলাকারীদের অবিলম্বে বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিনের বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষক সমাজ।
উল্লেখ্য, সম্প্রতি শিক্ষক ইমাম হোসেন রাজন শিকদার স্কুল ছুটি শেষে বিকাল ৫টার দিকে বাড়িতে দিকে রওনা দেন। পথিমধ্যে পূর্বে থেকে ওত পেতে থাকা আলীনগর সস্তাল এলাকার চিহ্নিত বালু ব্যবসায়ী মিলন মোল্লার নেতৃত্বে পূর্ব শত্রুতার জেরে মিলন মোল্লার কয়েকজন সহযোগীরা মিলে শিক্ষক রাজন শিকদারকে একা পেয়ে রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্নস্থান জখম করে এবং তার দুই পা-একটি হাত ভেঙে দেয়।
পরবর্তীকাল স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় কালকিনি থানায় মিলন মোল্লা ও লিপি বেগমসহ কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

