চট্টগ্রামের সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার পর নিরাপদ রেল পারাপারের ব্যবস্থা ও রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের দাবিতে একটি ট্রেন আটকে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের কাটগর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—সাতকানিয়ার কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইংগের পাড়ার আহমদ হোসেনের ছেলে আবু তাহের (৫৫) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মূহরি পাড়ার মৃত সাহাব উদ্দীনের ছেলে আব্দুস শুক্কুর (৪৫)। আব্দুস শুক্কুর অটোরিকশাটির চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুর দেড়টার দিকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কাটগর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটির দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা রেলক্রসিংয়ে নিরাপত্তা-ব্যবস্থা নিশ্চিত ও গেটম্যান নিয়োগের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস-৮২২ ট্রেন আটকে দেন। এতে ওই রেলপথে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কালিয়াইশের বিওসি মোড় এলাকার ওই রেলক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নেই। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে যানবাহন ও পথচারীদের রেললাইন পার হতে হয়। দীর্ঘদিন ধরে সেখানে নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাঁদের।
স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর তারা রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগসহ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান। দাবি পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাস না পাওয়া পর্যন্ত ট্রেন ছাড়তে অনড় ছিলেন তারা।
সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল খান বলেন, দোহাজারীর বিওসি মোড় এলাকায় ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা একটি ট্রেন কিছুক্ষণ আটকে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার পর নিহতদের লাশ উদ্ধার এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

