মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে আলোচিত মসজিদের ইমামের স্ত্রী আসমা আক্তারের (২৬) ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পলাতক ইমাম মাওলানা মুহাসিন মাতুব্বরকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেন।
গত ৬ জুলাই রাতে উপজেলার পূর্ব বালিগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে আসমার ঝুলন্ত লাশ উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই শামীম তালুকদারের করা হত্যা মামলার তদন্তভার ৭ জুলাই গ্রহণ করে পিবিআই। তদন্ত কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক রনি দেবনাথ জানান, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, জিজ্ঞাসাবাদে মুহাসিন জানান, দাম্পত্য কলহের জেরে ৬ জুলাই সকালে স্ত্রীর সঙ্গে বাগ্বিতণ্ডার একপর্যায়ে তিনি আসমাকে মারধর, গলায় চাপ ও ধাক্কা দেন। এতে আসমা গুরুতর আহত হয়ে মারা গেলে, একটি কালো ওড়না দিয়ে লাশ ঝুলিয়ে আত্মহত্যা হিসেবে ঘটনাটি সাজানোর চেষ্টা করেন। পরে চার বছরের কন্যাকে নিয়ে পালিয়ে যান।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহম্মেদ বলেন, পিবিআইয়ের ক্রাইমসিন টিমের তদন্তে হত্যাকাণ্ড নিশ্চিত হওয়ার পর আদালতে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

