সুন্দরবনে শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া একটি বন্য শুকর উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় বনবিভাগের পাশাপাশি কো-ম্যানেজমেন্ট কমিটি (সিএমসি) ও কমিউনিটি পেট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা উদ্ধার অভিযানে অংশ নেন।
শনিবার (৪ জুলাই) বিকেলে সুন্দরবনের বড় কেয়াখালী খাল এলাকায় নিয়মিত টহল চলাকালে বনরক্ষীরা ফাঁদে আটকে থাকা বন্য শুকরটি দেখতে পান। পরে বুড়িগোয়ালিনী বন স্টেশনের স্টেশন কর্মকর্তা ইরফান উদ্দিনের নেতৃত্বে বনবিভাগ, সিএমসি ও সিপিজির সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান পরিচালনা করেন। দীর্ঘ প্রচেষ্টার পর প্রাণীটিকে নিরাপদে ফাঁদমুক্ত করে সুন্দরবনের উপযুক্ত স্থানে অবমুক্ত করা হয়।
বুড়িগোয়ালিনী বন স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, নিয়মিত টহলের সময় শিকারিদের পাতা ফাঁদে আটকে থাকা একটি বন্য শুকর শনাক্ত করা হয়। পরে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে প্রাণীটিকে নিরাপদে মুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, সুন্দরবনে বন্যপ্রাণী শিকার এবং ফাঁদ পাতা সম্পূর্ণ অবৈধ। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে বনবিভাগ কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। একই সঙ্গে সুন্দরবনের জীব-বৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণকে আরও সচেতন হয়ে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
স্থানীয় বনসংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের বিভিন্ন এলাকায় এখনও কিছু অসাধু শিকারি গোপনে ফাঁদ পেতে বন্যপ্রাণী শিকার করছে। এতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। বনবিভাগ নিয়মিত টহল ও নজরদারি জোরদার করলেও শিকারিদের দমনে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তারা মনে করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

