সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে যৌথ বাহিনীর অভিযান

চট্টগ্রাম ব্যুরো

সলিমপুরে র‍্যাব ক্যাম্পে সন্ত্রাসী হামলা, চলছে যৌথ বাহিনীর অভিযান
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ক্যাম্পে ভোররাতে সশস্ত্র সন্ত্রাসীরা একযোগে হামলা চালিয়েছে। সোমবার (২৫ মে) রাত ২টার দিকে চারদিক থেকে হঠাৎ গুলিবর্ষণ শুরু করে হামলাকারীরা। র‍্যাব সদস্যরা তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালান। রাত ৩টা পর্যন্ত উভয়পক্ষের মধ্যে গুলি বিনিময় অব্যাহত থাকে।

হামলার খবর নিশ্চিত করে র‍্যাব–৭-এর কমান্ডিং কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, “সন্ত্রাসী ইয়াসিন গ্রুপ রাতের অন্ধকারে ক্যাম্পে হামলা চালায়। আমরা নন-লিথাল অস্ত্র ব্যবহার করে প্রতিরোধ গড়ে তুলি। পরে পরিস্থিতি মোকাবিলায় অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।”

বিজ্ঞাপন

অভিযান শেষে এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। এখনো হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কর্তৃপক্ষ বলছে, এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর অস্তিত্ব নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নে অবস্থিত জঙ্গল সলিমপুর। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় এটি সন্ত্রাসীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সরকারি খাসজমি হওয়ায় এলাকাটিতে কারাগার, আইটি পার্ক নির্মাণসহ ১১টি প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে বেহাত হওয়া জমি পুনরুদ্ধার করতে না পারায় এসব প্রকল্প বাস্তবায়ন করা যাচ্ছে না।

জঙ্গল সলিমপুর এলাকাটি দুটি অংশে বিভক্ত—একদিকে ছিন্নমূল এলাকা, অন্যদিকে আলীনগর। দুটি অংশেই পাহাড় কেটে অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ও মার্কেট। সীতাকুণ্ড ভূমি অফিসের তথ্যমতে, জঙ্গল সলিমপুরের মোট আয়তন প্রায় ৩ হাজার ১০০ একর। প্রায় চার দশক ধরে এই এলাকা সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।

র‍্যাব কর্মকর্তা নিহতের পর থেকেই উত্তপ্ত এলাকা

গত ১৯ জানুয়ারি সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাবের উপসহকারী পরিচালক মোতালেব হোসেন নিহত হন। একই ঘটনায় র‍্যাবের আরও তিন সদস্য এবং মনা নামে একজন সোর্স গুরুতর আহত হন। নিহত মোতালেব বিজিবির নায়েব সুবেদার ছিলেন এবং প্রেষণে র‍্যাবে কর্মরত ছিলেন।

র‍্যাবের দাবি, যাকে গ্রেপ্তার নিশ্চিত করতে টিমটি গিয়েছিল, তিনি একাধিক মামলার গুরুত্বপূর্ণ আসামি এবং অস্ত্র লেনদেন চক্রের সঙ্গে যুক্ত। পুলিশ ও র‍্যাব সূত্র জানায়, হামলাকারীদের মধ্যে চিহ্নিত সন্ত্রাসী, পাহাড়ি দখল গোষ্ঠী এবং অস্ত্র বেচাকেনার সঙ্গে যুক্ত কয়েকজন থাকতে পারে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...