গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

জেলা প্রতিনিধি, কক্সবাজার

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

কক্সবাজারের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুইদিন ধরে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

শুক্রবার বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, কক্সবাজার থেকে “এফবি সৌরভ” নামের একটি ফিশিং বোট চারজন জেলেসহ চট্টগ্রামের সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করেছিল। গত ১৮ জুন দুপুর ২টার দিকে কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং সেটি সাগরে ভেসে থাকে।

পরে শুক্রবার সকাল ৯টার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে জেলেরা সহায়তা চাইলে বিষয়টি কোস্ট গার্ডের নজরে আসে।

কোস্ট গার্ডের তথ্যমতে, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের একটি জাহাজ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। অভিযানের মাধ্যমে বিকল ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়।

উদ্ধারকৃত জেলেদের এবং ফিশিং বোটটি মালিকপক্ষের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জরুরি পরিস্থিতিতে মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন