রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট ও আশপাশের এলাকাসহ পদ্মা নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার ও নদীদূষণ রোধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে তা জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিসিজি কন্টিনজেন্ট রাজবাড়ির চার সদস্যের একটি টহল দল দৌলতদিয়া ফেরিঘাট, কুশোহাটা ও তৎসংলগ্ন পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালায়। অভিযানে কারেন্ট জাল, চায়না দুয়ারি জাল, বেহুন্দি জাল, মশারি জালসহ বিভিন্ন ধরনের অবৈধ জাল ব্যবহার করে জাটকা আহরণ এবং অবৈধ ড্রেজার কার্যক্রমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান চলাকালে ৫ হাজার মিটার অবৈধ মশারি জাল, ৫ হাজার মিটার অবৈধ চরঘেরা জাল ও নিষিদ্ধ বিভিন্ন কারেন্ট জাল উদ্ধার করা হয়। জব্দকৃত জালগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
পরে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলটের অনুমতি সাপেক্ষে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জাটকা সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। অবৈধ জাল ব্যবহার ও নিষিদ্ধ সময়ে মাছ আহরণের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

