ফোনে স্ত্রীর সঙ্গে শেষ কথা, মসজিদে মিলল ঝুলন্ত লাশ

ফোনে স্ত্রীর সঙ্গে শেষ কথা, মসজিদে মিলল ঝুলন্ত লাশ
ছবি: আমার দেশ

নাটোরের বাগাতিপাড়ায় একটি জামে মসজিদ থেকে আব্দুল মমিন (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা সাড়ে ১১টায় উপজেলার সোনাপুর বাজারসংলগ্ন ডুমরাই ঢাকাপাড়া জামে মসজিদের জানালার লোহার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া যায়। নিহত আব্দুল মমিন উপজেলার ডুমরাই গ্রামের মৃত হযরত আলীর ছেলে।

পরিবারের সদস্যরা জানান, মৃত্যুর আগে আব্দুল মমিন মোবাইল ফোনে স্ত্রী মঞ্জুয়ারা বেগমের সঙ্গে কথা বলেন। কথোপকথনের একপর্যায়ে তিনি কালেমা পাঠ করেন। এরপর তার কণ্ঠস্বর আর শোনা না গেলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

বিজ্ঞাপন

পরে মসজিদের খাদেম বেলাল হোসেন পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে গিয়ে জানালার লোহার সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পান। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে অবহিত করেন।

স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, নিহতের ছেলে বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য ছেলের শ্বশুরবাড়ি থেকে কিছু অর্থ দেওয়া হলেও আরও টাকার প্রয়োজন ছিল। এ নিয়ে পরিবারের মধ্যে দাম্পত্য কলহ ও মানসিক অশান্তি চলছিল।

পরিবারের ধারণা, ওই মানসিক চাপ থেকেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত চলছে।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা এসআই আব্দুর রাজ্জাক বলেন, "ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটির প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন