রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ৪

রাজৈরে বাস-মাহিন্দ্র মুখোমুখি সংঘর্ষে কিশোরী নিহত, আহত ৪
ছবি: আমার দেশ

মাদারীপুরের রাজৈরে খান পরিবহন ও মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষে রাফিয়া আক্তার (১৬) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও চারজন আহত হয়েছেন।

সোমবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের বৌলগ্রাম কালীবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে বরিশালগামী খান পরিবহনের বাসের সঙ্গে মাদারীপুর থেকে টেকেরহাটগামী একটি মাহিন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রের যাত্রী রাফিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যায়।

নিহত রাফিয়া আক্তার মাদারীপুরের ত্রিভাগদী এলাকার মনির হাওলাদারের মেয়ে।

দুর্ঘটনায় একই পরিবারের সানজিদা (৩৫), তাবাসসুম আক্তার (৮) এবং অজ্ঞাতনামা আরও দুজন আহত হন। আহতদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে রাজৈর থানা পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে।

এ বিষয়ে রাজৈর থানার পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ ও ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন