ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

ময়মনসিংহে দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

ময়মনসিংহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সুরুজ জামান (৩৫) নামে স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের মধ্য বারেরা এলাকায় মজিদ মার্কেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুরুজ জামান নিজ বাড়ি থেকে শিশু সন্তানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে মজিদ মার্কেটসংলগ্ন সড়কের মোড়ে গতি কমান। এ সময় মেহেদীসহ কয়েকজন দুর্বৃত্ত তার পথরোধ করে। একপর্যায়ে দুর্বৃত্তরা তার বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সুরুজ জামান মধ্য বারেরা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। স্থানীয়ভাবে তিনি স্বেচ্ছাসেবক দলের কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল মামুন জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন