সামাজিক মাধ্যম ব্যবহার করে ভারতের এক তরুণীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি এবং ব্ল্যাকমেইলের অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার হওয়া মোস্তাফিজুর রহমান মেহেদী (১৯) দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে। তিনি উপজেলার এ কে এম মেমোরিয়াল কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বুধবার ৫ আগস্ট তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ছয়-সাত মাস আগে ভারতের মুর্শিদাবাদ জেলার সূতী থানার ধূলি গ্রামের এক তরুণীর সঙ্গে সামাজিক মাধ্যমে মেহেদীর পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে গত ৬ জুলাই থেকে ওই তরুণী মেহেদীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
এরপর ক্ষুব্ধ হয়ে মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ও অশ্লীল ছবি এবং ভিডিও তার পরিবারের সদস্যদের হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে পাঠানোর পাশাপাশি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন।
অভিযোগ অনুযায়ী, পরবর্তীকালে তিনি একটি ভিডিও ইনস্টাগ্রামে প্রকাশও করেন।
ঘটনার পর ভুক্তভোগী তরুণীর আইনজীবী ভাই ভারতের সূতী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একই সঙ্গে অভিযোগের কপি এবং প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ই-মেইলের মাধ্যমে জামালপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়।
গত ১৭ জুলাই অভিযোগটি পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর মঙ্গলবার (৪ আগস্ট) রাতে দেওয়ানগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্ত মেহেদীকে গ্রেপ্তার করা হয়।
মামলার বাদী ও তদন্তকারী কর্মকর্তা এসআই সোহাগ রানা জানান, তদন্তে অভিযোগের সত্যতা প্রাথমিকভাবে পাওয়া গেছে। এ ঘটনায় সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার অভিযুক্তকে আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পুলিশ জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে ব্যক্তিগত তথ্য, ছবি বা ভিডিও ছড়িয়ে কাউকে ব্ল্যাকমেইল করা গুরুতর অপরাধ। এ ধরনের অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-3531be.jpg)