দেশের বিভিন্ন পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে মাদক, ধূমপান নিয়ন্ত্রণ এবং শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কার্যক্রমসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাজেটে উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে রাস্তা পাকাকরণ ড্রেন ও কালভার্ট নির্মাণ, ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার জন্য জোন স্থাপন।
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরে ৪২ কোটি ৭ লাখ ৯৪ হাজার ৯৬৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে পৌরসভার হলরুমে এ উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন এবং বাজেট বিবরণী উপস্থাপনা করেন হিসাবরক্ষক আতিয়ার রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনিচুর রহমান, উপজেলা জামায়াতের সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ প্রমুখ। পৌর প্রশাসক সাজ্জাদ হোসেন তার বক্তব্যে বলেন, এ বাজেট সুন্দর ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হবে। ঘোষিত বাজেটে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও নান্দনিক পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে মাদক, ধূমপান নিয়ন্ত্রণ এবং মানব পাচার প্রতিরোধকে গুরুত্ব দেওয়া হয়েছে।
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রাজস্ব ও উন্নয়ন খাতে এবারের বাজেট ধরা হয়েছে ৬২ কোটি ৬৮ লাখ ১৭ হাজার ৯০৩ টাকা। মঙ্গলবার দুপুরে ফুলবাড়ী পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ছামিউল ইসলাম। ঘোষিত বাজেটের মধ্যে রাজস্ব খাতে আয় ও ব্যয় ধরা হয়েছে মোট তিন লাখ ৫৮ হাজার ৭৪৭ টাকা যা গত অর্থবছরে ছিল দুই লাখ ১৮ হাজার ১৪৭ টাকা। এছাড়া উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৪২ লাখ ৪৩ হাজার ৬৭০ টাকা যা গত অর্থবছরে সাত কোটি ১৭ লাখ ২৫ হাজার ৭০৮ টাকা।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক ছামিউল ইসলাম বলেন, পৌরসভার অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি সরবরাহ এবং নাগরিক সেবার মান বৃদ্ধিতে এ বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান সাজু, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, তেল-গ্যাস-খনিজ সম্পদ, বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির ফুলবাড়ী শাখার আহ্বায়ক সৈয়দ সাইফুল ইসলাম জুয়েল প্রমুখ।
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের গোপালপুর পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মঞ্জুরুল মোর্শেদ। পৌর কার্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার দুপুরে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ১৬ কোটি ৬২ লাখ ৯৯ হাজার টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়।
এ সময় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সম্পাদক কাজী লিয়াকত, সহসভাপতি বাবলু মিয়া, আবু ঈশা মুনিম, সাংগঠনিক সম্পাদক ওপেল চৌধুরী, উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান তালুকদার প্রমুখ। এ সময় পৌর এলাকার হোল্ডিং ট্যাক্স অযৌক্তিকভাবে না বাড়ানোর দাবি জানানো হয়। সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তাঘাটের উন্নয়ন করার জোর দাবি জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


