ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলায় স্থানীয় পরিবহন মাহিন্দ্রর সাথে বিপরীতগামী মিজান পরিবহন নামের এক বাসের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলেই পাঁচ জন মাহিন্দ্র যাত্রী নিহত হন। এ ঘটনায় আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হয়েছেন। হতাহতদের হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছেন।
বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে উপজেলার চুমুরদী ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রকিবুজ্জামান আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে হাইওয়ে ফরিদপুর ও মাদারীপুর জোনের পুলিশ সুপার মো. শাহিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহতরা হলেন- মিজান (৫০), ইব্রাহিম সরদার (৭০), তারা মিয়া (৫৪), মনির সরদার (৪০) ও অজ্ঞাতনামা এক যাত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ১০ জন যাত্রী নিয়ে ভাঙ্গা থেকে টেকেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যায় মাহেন্দ্রটি। পথিমধ্যে বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকায় বিপরীতগামী মিজান পরিবহনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই পাঁচ জন মাহেন্দ্র যাত্রী নিহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করেন। আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত হাইওয়ে থানা পুলিশ মরদেহগুলো উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে সুরতহাল রিপোর্ট তৈরি করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

