চট্টগ্রামের ফটিকছড়িতে জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. মোস্তাকিম (৩৫) নামে এক কৃষিশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার লেলাং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শাহনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তাকিম নেত্রকোনা জেলার জনৈক রিয়াজ উদ্দিনের ছেলে। তিনি জীবিকার তাগিদে ফটিকছড়িতে কৃষি শ্রমিকের কাজ করতে এসেছিলেন।
স্থানীয় সূত্রে জানায়, শুক্রবার সকালে মোস্তাকিমসহ তিন শ্রমিক লেলাং ইউনিয়নের সন্যাসীরহাট সংলগ্ন কৃষি জমিতে ধানের চারা রোপণ করতে নামেন। আগে থেকেই বিদ্যুতের একটি তার ছিঁড়ে জমির পানিতে পড়ে ছিল, যা শ্রমিকরা খেয়াল করেননি। কাজ করার একপর্যায়ে মোস্তাকিম ওই বিদ্যুৎবাহী পানির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা অল্পের জন্য রক্ষা পান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আজম বলেন, "জমিতে বিদ্যুতের ছেঁড়া তার পড়ে ছিল। শ্রমিকরা তা না দেখে কাজ করতে নামলে এই দুর্ঘটনা ঘটে।
ফটিকছড়ি থানার ওসি রবিউল আলম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

