জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হান্নান (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে উপজেলার বেলগাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হান্নান উপজেলার বেলগাড়ী গ্রামের মোকসেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাড়ির বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দিলে আব্দুল হান্নান সুইচ মেরামতের কাজ করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তাদুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, নিজ বাড়িতে বৈদ্যুতিক সুইচ মেরামতের সময় আব্দুল হান্নান বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

