আনোয়ারায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু

আনোয়ারায় বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ২ যাত্রীর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছয়টি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে গেছে। এ ঘটনায় দুই নারী নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার টানেল সংযোগ চত্বরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পলি দত্ত (৩৫) ও ইফা শীল (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস টানেল সড়ক থেকে বের হয়ে টানেল চত্বরে থাকা একসঙ্গে কয়েকটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশে আব্দুল মান্নানের চায়ের দোকানে ঢুকে যায়। এতে সিএনজিগুলো দুমড়ে-মুচড়ে যায় এবং সিএনজি চালক, দোকানি ও যাত্রীরা গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দুই নারীর মৃত্যু হয় এবং বাকি আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়।

আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, আহত দুই নারীর মৃত্যু হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাকিদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলেও জানান তিনি।

এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন