বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি

উপজেলা প্রতিনিধি, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)

বিএসএফের পুশইন ঠেকিয়ে দিল বিজিবি
ছবি: আমার দেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পুশইন চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। এ সময় বিজিবির সঙ্গে স্থানীয়রাও যোগ দিয়েছিল। দ্রুত নজরদারি ও সতর্ক অবস্থানের কারণে পুশইন পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়।

শুক্রবার রাত ১১টায় উপজেলার চকপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

৫৯ বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টায় উপজেলার চকপাড়া বিওপির বিপরীতে ভারতের অভ্যন্তরে সীমান্ত পিলার ১৮৩/৩-এস থেকে প্রায় ৬০০ গজ দূরে মুসলিমপাড়া এলাকায় সীমান্তের নিরাপত্তা বাতি (বর্ডার সিকিউরিটি লাইট) বন্ধ থাকার পাশাপাশি কয়েকজন লোকের অবস্থানের তথ্য পায় বিজিবি। খবর পেয়ে একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সীমান্তজুড়ে বাড়তি সতর্ক অবস্থান নেয়।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারতের মুসলিমপাড়া এলাকায় প্রায় ১২ জন অবস্থান করছেন। একই সঙ্গে বাংলাদেশে পুশইনের চেষ্টা করছে বিএসএফ। এ খবর পাওয়ার পরপরই স্থানীয় গ্রামবাসীকে সঙ্গে নিয়ে সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও নজরদারি জোরদার করা হয়। বিজিবি ও স্থানীয়দের যৌথ সতর্কতায় পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।

মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, শনিবার ভোর সাড়ে ৪টায় ভারতের মুসলিমপাড়া এলাকায় থাকা ১২ জনকে বিএসএফ নিজস্ব যানবাহনযোগে ভারতের মালদা হোল্ডিং সেন্টারে নিয়ে গেছে।

তিনি আরও বলেন, সব ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তে টহল, গোয়েন্দা নজরদারি এবং সতর্কতা আরও জোরদার করেছে বিজিবি। এ ধরনের কার্যক্রম প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এই যৌথ তৎপরতা অব্যাহত থাকবে। বতমানে পরিস্থিতি শান্ত রয়েছে। প্রসঙ্গত, এর আগেও গত ১৯ জুন গভীর রাতে শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে একই কৌশলে ২০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে ভারতের ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের সুকদেবপুর ক্যাম্পের সদস্যরা। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে বিএসএফ তাদের আবার ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয়।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...