রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় অভিযান চালিয়ে শরীরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। শুক্রবার রাতে গোদাগাড়ী থানার গোপালপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- সিজার আহম্মেদ নয়ন (৩০) ও আমরুল মৃধা (৫০)।
র্যাব-৫ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটরসাইকেলে করে মাদক কারবারিরা হেরোইন নিয়ে রাজশাহীর দিকে আসছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব-৫ গোপালপুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে।
এ সময় একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক মনে হলে সেটি থামানো হয়। মোটরসাইকেলের আরোহী দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা হেরোইন বহনের বিষয়টি স্বীকার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তারা নিজ হাতে লুঙ্গি উঁচু করে দুই পায়ের রানের সঙ্গে কসটেপ দিয়ে পেঁচিয়ে রাখা দুটি প্যাকেট বের করে দেন। প্যাকেট দুটি তল্লাশি করে মোট ১৮৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
র্যাব জানায়, তারা দুজনই এলাকার চিহ্নিত মাদক কারবারি। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

