চট্টগ্রামের নাসিরাবাদ কনভেনশন হলে ২০২৬ সালের হজ্বযাত্রীদের জন্য সম্প্রতি এক গুরুত্বপূর্ণ হজ্ব প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে হজ্বের করণীয়-বর্জনীয়, ধর্মীয় বিধান, সফর ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের এরাবিক বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ মঈন উদ্দীন আযহারী। হজ্ব প্রশিক্ষণ প্রদান করেন আলহাজ্ব মাওলানা মোহাম্মদ নেজাম উদ্দিন, মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর, খতিব, খাগড়াছড়ি কেন্দ্রীয় জামে মসজিদ, আন-নাবীল ইনস্টিুটউটের পরিচালক ড. শুয়াইব মক্কিসহ বরেণ্য উলামায়ে কেরাম।
ঢাকা থেকে বিশেষ অতিথি আগমন ও হজ বিষয়ক গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন দৈনিক আমার দেশের সহ-সম্পাদক, টঙ্গীর আন-নূর জামে মসজিদের খতিব ও বিশিষ্ট টিভি আলোচক শায়খ আলী হাসান তৈয়ব এবং মারকাযুল লুগাতুল আরাবিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও ঢাকা ক্যান্টনমেন্টের বাইতুল আকরাম জামে মসজিদের খতিব বিশিষ্ট আরবি ভাষাবিদ শায়খ মহিউদ্দিন ফারুকী। তারা হজ্বের আধ্যাত্মিক গুরুত্ব, সঠিক প্রস্তুতি এবং বর্তমান প্রেক্ষাপটে হজ্ব ব্যবস্থাপনা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
আল-কিবলাহ্ হজ্ব কাফেলার উদ্যোগে এ হজ্ব প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আফজাল নগর মাদ্রাসা, সাতকানিয়ার মুহতামিম হাফেজ মাওলানা মহিউদ্দিন হেলালী।
শুদ্ধভাবে হজ্ব পালনের জন্য প্রয়োজন সঠিক জ্ঞান, প্রশিক্ষণ এবং সুপরিকল্পিত প্রস্তুতি। এই কর্মশালা হজ্বযাত্রীদের ধর্মীয়, আত্মিক ও বাস্তব প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিপুল সংখ্যক হজ্বযাত্রী, আলেম-ওলামা, সুধীজন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, জ্ঞানগর্ভ আলোচনা এবং সফল ব্যবস্থাপনার এক অনন্য উদাহরণ। অনুষ্ঠানে শেষে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানির মাধ্যমে সবাইকে আপ্যায়িত করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


