উপজেলা প্রতিনিধি, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মৃত্যু

পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবলের মৃত্যু
নিহত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া। ছবি: আমার দেশ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া (৩০) নিহত হয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২টায় ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন এবং তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভৈরব হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান দাড়িয়াকান্দি এলাকায় একটি সিএনজি অটোরিকশা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছিল। পিকআপ ভ্যানটির একটি চাকা সমস্যায় পড়ায় চালক তা সড়কের পাশে থামান।

এ সময় পেছন থেকে আসা ধানের তষবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটির ওপর উল্টে পড়ে। পিকআপের মধ্যে বসে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। তাদের সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া পারভেজ মিয়ার লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী নিশ্চিত করেন যে, এটি একটি অনাকাঙ্ক্ষিত ও মর্মান্তিক দুর্ঘটনা। এ দুর্ঘটনায় হাইওয়ে পুলিশ পরিবার গভীরভাবে শোকাহত।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন