চট্টগ্রামের সীতাকুণ্ডে মাছের সঙ্গে রং ও ভেজাল উপাদান মেশানোর অভিযোগ উঠেছে। বিষয়টি ধরা পড়ার পর দুই মাছ ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকালে উপজেলার বড় দারোগারহাট বাজারে অভিযান চালিয়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।
সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের মাছ ও মৎস্যপণ্য পরীক্ষা এবং বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। অভিযানে দুই ব্যবসায়ীর মাছের সঙ্গে ভেজাল উপাদান মেশানোর বিষয়টি শনাক্ত হলে মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছ ও মৎস্যপণ্যের গুণগত মান নিশ্চিত করতে বাজার পর্যায়ে নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। ভেজাল মেশানোর বিষয়টি শনাক্ত হওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে অন্য মাছ ব্যবসায়ীদের মৎস্যপণ্যে কোনো ধরনের ভেজাল না মেশানো এবং নিরাপদভাবে পণ্য বাজারজাত করার বিষয়ে সতর্ক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী আমার দেশকে বলেন, ‘মাছের সঙ্গে রং বা ভেজাল উপাদান মেশানো হয়েছে। এসব উপাদান মানবদেহের জন্য ক্ষতিকর। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজারে তদারকি অব্যাহত থাকবে। আগামী দিনগুলোতে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে এবং অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

