আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষ, বিএনপিকর্মীর মৃত্যু

রাজশাহী ব্যুরো

নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষ, বিএনপিকর্মীর মৃত্যু

রাজশাহীর তানোরে ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত কর্মীর মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান। এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার তানোরের কৃষ্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ৫০ গণিউল ইসলাম তানোরের পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিনের ভাই।

জানা গেছে, ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। তাকে বরণ করতে কৃষ্ণপুর মোড়ে অবস্থান নেন দুই পক্ষের কর্মী-সমর্থকরা।

এ সময় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমানের কর্মীরা বরণ করতে চাইলে বাধা দেন মোমিন গ্রুপের কর্মীরা। এতে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ। সংঘর্ষে গুরুতর আহত গণিউলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

হাসপাতালের মুখপাত্র ডা. শংকর বিশ্বাস বলেন, গণিউলের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান।

তানোর থানার ওসি আফজাল হোসেন বলেন, মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের সদস্যদের মামলা করতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন