সার সংকট নিরসন ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

সার সংকট নিরসন ও জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে বিক্ষোভ

সারের সরবরাহ নিশ্চিত করা, দাম কমানো, কৃষক হয়রানি বন্ধ এবং জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ কৃষক সমিতি।

বুধবার সকাল ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বাংলাদেশ কৃষক সমিতির গাইবান্ধা জেলা সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা মিহির ঘোষ, কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সুভাষ শাহ রায়, কৃষক ক্ষেতমজুর সংগ্রাম পরিষদের জেলা আহ্বায়ক রেবতী বর্মন, জেলা কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আদিল নান্নু, সদর উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম মন্ডল এবং জেলা কমিটির সদস্য আব্দুল জলিলসহ অন্যরা।

সমাবেশটি সঞ্চালনা করেন কৃষক সমিতির জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।

বক্তারা বলেন, সার সংকটে দেশের কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন। সার পাওয়ার আশায় কৃষকেরা সারাদিন লাইনে দাঁড়িয়ে থাকলেও প্রয়োজনীয় সার পাচ্ছেন না। ডিলাররা সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের হয়রানি করছেন। এ সংকট নিরসনে সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও অভিযোগ করেন তাঁরা।

তারা আরও বলেন, জ্বালানি তেলের অযৌক্তিক মূল্যবৃদ্ধির কারণে কৃষকের উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এতে কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবি জানান তাঁরা।

সমাবেশ শেষে কৃষক সমিতির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১ নম্বর রেলগেটে গিয়ে শেষ হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন