তৃতীয় শ্রেণির ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

তৃতীয় শ্রেণির ছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জের সিংগাইরে তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও ধর্ষণচেষ্টার অভিযোগের জেরে তার নানাকে কুপিয়ে হত্যা করেছে আল আমিন (৩৮) নামের এক যুবক। নিহত আলী আজগর (৬০) জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ এলাকার বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, স্কুলছাত্রীটি দীর্ঘদিন ধরে অভিযুক্ত আল আমিনের দ্বারা উত্যক্তের শিকার হচ্ছিল। সোমবার স্কুল থেকে ফেরার পথে তাকে আবারও উত্ত্যক্ত ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছে পরিবার। শিশুটি দৌড়ে পালিয়ে স্থানীয় এক অটোচালকের সহায়তায় বাড়ি ফিরে আসে। পরদিন তার পরিবার থানায় গিয়ে অভিযোগ করে।

নিহতের ভাতিজা আবুল কালাম বলেন, “ঘটনার পর পুলিশ তদন্তে এলেও প্রথমে মামলা নিতে অনীহা দেখায়। এরপরই আল আমিন ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার সন্ধ্যায় আমার চাচাকে কুপিয়ে ধানক্ষেতে ফেলে রাখে। এ সময় তার সাথে আরও কয়েকজন ছিল। পরে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে তিনি মারা যান।”

আলী আজগরকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং সেখান থেকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে.ও.এম. তৌফিক আজম বলেন, “প্রথমে শিশুটির পরিবার মামলা করতে চায়নি। পরে মঙ্গলবার দুপুরে মামলা নেওয়া হয় (মামলা নং-৩৯)। তবে অভিযোগ পাওয়ার পরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

তবে পুলিশের পক্ষ থেকে মামলায় বিলম্ব ও গ্রেপ্তারে ব্যর্থতার অভিযোগ অস্বীকার করা হয়েছে। সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ বলেন, “সোমবার অভিযোগ পাওয়ার পর মঙ্গলবারই মামলা নেওয়া হয়েছে। পুলিশের পক্ষ থেকে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন