নওগাঁর ছয়টি সংসদীয় আসনের মধ্যে নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন-তারিখ ঘোষণা করা না হলেও বসে নেই এ আসনের সম্ভাব্য প্রার্থীরা। আসনটি বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও আগামী নির্বাচন সামনে রেখে এ আসনে বর্তমানে বিএনপির তিন নেতাকে ঘিরে তিনটি বলয় তৈরি হয়েছে। আর বিএনপির একাধিক মনোনয়নপ্রত্যাশীর ভিড়ে আসনটি নিজেদের কবজায় নিতে কৌশলী জামায়াতে ইসলামী।
নির্বাচনি এলাকা (বদলগাছী-মহাদেবপুর) আসনে ১৯৯১ সালের নির্বাচনে এলাকার সন্তান ঢাকা কলেজের সাবেক ভিপি আখতার হামিদ সিদ্দিকী তিনবার ধানের শীষ প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালের নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে আসীন হন। ২০০৯ সালের নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. আকরাম হোসেন চৌধুরীর কাছে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হন। ২০১৪ সালের একতরফা নির্বাচনে বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী ছলিম উদ্দিন তরফদারের কাছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ড. আকরাম হোসেন চৌধুরী পরাজিত হন। ২০১৮ সালের পাতানো নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে ছলিম উদ্দিন তরফদার বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে পরাজিত করেন। ২০২৪ সালে অনুষ্ঠিত ডামি নির্বাচনে ছলিম উদ্দিন তরফদার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী সাবেক সিনিয়র সচিব সৌমেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে হেরে যান।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা এখন মুক্ত পরিবেশে দলীয় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন। প্রকাশ্যে সভা-সমাবেশ করে দলীয় শক্তির পরিচয় দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা আকন্দ বাবুল। ১৬ বছর আওয়ামী লীগ শাসনামলে নানা জুলুম ও অত্যাচার উপেক্ষা করে দলীয় নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি। দলীয় কর্মসূচি পালন করেছেন। নির্বাচনে দলীয় মনোনয়নের ব্যাপারে তিনি আশাবাদী। তার দাবি, তিনি জেল-জুলুমের শিকার হয়েছেন। বিপদে-আপদে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। নেতাকর্মীদের সার্বিক সহযোগিতা করেছেন। তিনি দুই উপজেলায় শক্তিশালী কৃষকদলের কমিটি গঠন করে রাজনৈতিক কর্মসূচি পালন করছেন। বিএনপির হাইকমান্ড অবশ্যই তাকে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করবে। তবে সম্প্রতি তার সমর্থিত কিছু নেতাকর্মীর উচ্ছৃঙ্খল আচরণ এবং কার্যকলাপ এলাকায় বিএনপির ভাবমূর্তি কিছুটা ক্ষুণ্ণ করেছে বলে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা মনে করছেন।
এই আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী মহাদেবপুরের সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট। তিনিও বিভিন্ন ইউনিয়নে সভা-সমাবেশ চালিয়ে যাচ্ছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এবং মনোনয়ন পেলে জনগণের বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন বলে আশাবাদী তিনি। বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর বড় ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি। তার নেতৃত্ব বিএনপির একটি বলয় তৈরি হয়েছে । তিনি তার বাবার ইমেজকে কাজে লাগানোর পাশাপাশি দলের নেতাকর্মীদের নিয়ে সভা-সমাবেশ ও গণসংযোগ করছেন। আগামী নির্বাচনে তিনিও বিএনপির মনোনয়ন পাবেন বলে আশাবাদী।
অন্যদিকে আসনটি নিজেদের কবজায় নিতে কৌশলী হয়েছে জামায়াতে ইসলামী। তারা ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তরের সহ-সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মহাদেবপুর উপজেলার সন্তান মাওলানা মাহফুজুর রহমানকে একক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। তিনি গ্রামগঞ্জে প্রচার চালিয়ে যাচ্ছেন। জামায়াতে ইসলামীর উপজেলা শাখার নেতারা বলেন, সুষ্ঠু নির্বাচন হলে তারা জয়ের বিষয়ে আশাবাদী।
এনসিপি থেকে মনোনয়ন পেতে পারেন একসময়ের বদলগাছী উপজেলার জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি বদলগাছী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তফা অলি আহমেদ রুমী চৌধুরী। সম্প্রতি তিনি এনসিপিতে যোগ দিয়ে তার সমর্থক নেতাকর্মী ও তরুণ ভোটারদের এবং সচেতন এলাকাবাসীর কাছে নিজের প্রার্থিতার বার্তা পৌঁছানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না ।
এলাকার বেশ কিছু সচেতন নাগরিকের সঙ্গে কথা বললে তারা নাম না প্রকাশের শর্তে আমার দেশকে বলেন, আগামী নির্বাচনে সঠিক প্রার্থী নির্বাচন এবং আওয়ামী সমর্থকদের ভোট যে প্রতীকের প্রার্থীর পক্ষে যাবে তার ওপর নির্বাচনের জয়পরাজয় নির্ভর করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

