নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক কারবারির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা ঘোষণা দিয়েছেন যে, কোনো মাদক কারবারির জানাজা পড়ানো বা কবর দেওয়া হবে না। শুক্রবার জুমার নামাজের পর বিভিন্ন এলাকায় মাইকিং করে এই সিদ্ধান্তের কথা জনগণের কাছে পৌঁছে দেওয়া হয়। ফতুল্লার নয়ামাটি, ইসলামনগর, কুতুবপুর ও পূর্ব লামাপাড়া এলাকাবাসীর উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে মাদক কারবারিদের ছুরিকাঘাতে সাব্বির নামের এক যুবক নিহত হন। এই ঘটনার প্রতিবাদ এবং এলাকায় মাদক ব্যবসা বন্ধের দাবিতে এলাকাবাসী একত্রিত হয়ে গণমিছিল ও মানববন্ধনের আয়োজন করেন।
মিছিলটি নয়ামাটি মসজিদ থেকে শুরু হয়ে নয়ামাটি, ইসলামনগর ও কুতুবপুর এলাকা ঘুরে পূর্ব লামাপাড়ায় গিয়ে শেষ হয়। পরে পূর্ব লামাপাড়া বায়তুল আকরাম জামে মসজিদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মিছিল চলাকালে মাইকিং করে মাদক কারবারিদের দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি ঘোষণা দেওয়া হয়, ভবিষ্যতে কোনো মাদক কারবারি মারা গেলে তার লাশ গোসল, জানাজা বা কবর দেওয়ার ক্ষেত্রে এলাকাবাসী সহযোগিতা করবে না।
মানববন্ধনে স্থানীয় মসজিদের ইমামসহ অনেক বাসিন্দা বক্তব্য রাখেন। তারা মাদকের ভয়াবহতা তুলে ধরেন এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় বক্তারা সাব্বির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কর্মসূচিতে সাব্বিরের ভাই আবদুর রহমান, চাচা আবদুল হাকিমসহ স্থানীয় বাসিন্দা মামুন, শফিক, রাসেল, তানভীর, তোফাজ্জল, রিপন, স্বপন ও ফজল হকসহ অনেকে উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

