আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাতিরঝিলে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু

স্টাফ রিপোর্টার

হাতিরঝিলে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে নারীর মৃত্যু

রাজধানীর হাতিরঝিল এলাকায় নির্মাণাধীন একটি ভবন থেকে ইট পড়ে রাশেদা বেগম (৩৫) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে হাতিরঝিল থানাধীন মধুবাগ ৩ নম্বর গলিতে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রাশেদা বেগম গাইবান্ধা সদর উপজেলার দুর্গাপুর গ্রামের রিকশাচালক সাইফুল ইসলামের স্ত্রী। তিনি মধুবাগ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। পেশায় তিনি গৃহকর্মী ছিলেন এবং তিন মেয়ে ও দুই ছেলের জননী।

নিহতের দেবর সাখাওয়াত হোসেন জানান, রাতে কাজ শেষে হেঁটে বাসায় ফিরছিলেন রাশেদা। এ সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে তিনি মধুবাগ ৩ নম্বর গলিতে অবস্থিত একটি নির্মাণাধীন ভবনের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই ভবনের দেয়াল থেকে ইটের একটি অংশ ভেঙে পড়ে তার মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...