শৈলকুপায় আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

অপরাধী যতই প্রভাবশালী হোক, ছাড় দেওয়া হবে না

অপরাধী যতই প্রভাবশালী হোক, ছাড় দেওয়া হবে না
ছবি: আমার দেশ

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, অপরাধী যতই প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধ করে পার পাওয়ার সুযোগ কারও নেই। শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের শৈলকুপা গড়তে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার সকালে ঝিনাইদহের শৈলকুপার বাঘিনী দুর্গামন্দির পরিদর্শন শেষে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথি আইনমন্ত্রী আসাদুজ্জামান এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মাদকবিরোধী অভিযান জোরদারের আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, এলাকায় মাদকসেবী, বিক্রেতা বা কারবারির সন্ধান পাওয়া গেলে তার হোয়াটসঅ্যাপ নম্বরে তালিকা পাঠানো যাবে। অভিযোগকারীর পরিচয় গোপন রাখা হবে। অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং অপরাধীদের আইনের আওতায় আনবে।

দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও অবৈধ সুবিধা আদায়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অপরাধী যে দলেরই হোক, কাউকে রেহাই দেওয়া হবে না। কোনো জনপ্রতিনিধি বা নেতার নাম ভাঙিয়ে কেউ টাকা দাবি করলে তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিতে হবে।

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের বিষয়ে মন্ত্রী বলেন, শৈলকুপা থানার ১২৮টি পূজামণ্ডপে সরকারি সহায়তা ও সার্বিক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মণ্ডপের জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষভাবে আরও ৪০টি মণ্ডপে অতিরিক্ত ৫০০ কেজি করে চাল সরবরাহ করা হয়েছে।

শৈলকুপার ১৬টি বিশেষ মন্দিরের জন্য প্রতিটিতে ১ লাখ ২৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়ার ঘোষণাও দেন আইনমন্ত্রী। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে এ অর্থ পৌঁছে দেওয়া হবে বলে জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলেও সবার পরিচয় বাংলাদেশি। সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্ভয়ে ও আনন্দের সঙ্গে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও নিরাপত্তাকর্মীরা দায়িত্ব পালন করছেন।

উপজেলার উন্নয়ন এবং প্রশাসনিক অনিয়মের প্রসঙ্গ তুলে ধরে আইনমন্ত্রী বলেন, অতীতে চাকরি কিংবা সড়ক নির্মাণের বরাদ্দের অর্থ ছাড়ের ক্ষেত্রে কমিশন বাণিজ্যের অভিযোগ ছিল। সরকারি হাসপাতালের ওষুধ বরাদ্দের অর্থ নিয়েও অনিয়ম হতো। এসব অনিয়ম বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

দরিদ্র মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে শৈলকুপা হাসপাতালে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, তার ব্যক্তিগত শুভাকাঙ্ক্ষীরা প্রতি মাসে এ তহবিলে পাঁচ লাখ টাকা করে অনুদান দিচ্ছেন। এ অর্থের মাধ্যমে অসচ্ছল রোগীদের চিকিৎসাসহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শৈলকুপাকে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের পথে এগিয়ে নিতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দুর্নীতি, অপরাধ ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বাঘিনী দুর্গামন্দির পরিদর্শন ও সুধী সমাবেশে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হুসাইন, পুলিশ সুপার আশিস বিন হাসান, শৈলকুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুর রহমান, সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ইসফাকুল কবির সরকার এবং শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লাহ। এ ছাড়া স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রিডার ড. প্রদীপ কুমার শাহা, তাঁর সহধর্মিণী চামেলী সাহা এবং কন্যা ডা. প্রথা।

সমাবেশের শেষ পর্যায়ে আইনমন্ত্রী শান্তি, নিরাপত্তা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও উন্নত শৈলকুপা গড়ে তুলতে দল-মতনির্বিশেষে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন