আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ত্র ও গুলিসহ নারী আটক

ভারত থেকে চোরাই পথে আসছে জীবনঘাতী আগ্নেয়াস্ত্র

খুলনা ব্যুরো

ভারত থেকে চোরাই পথে আসছে জীবনঘাতী আগ্নেয়াস্ত্র

ভারত থেকে চোরাই পথে আসছে জীবনঘাতী আগ্নেয়াস্ত্র। যা ছড়িয়ে পড়ছে সারা দেশে। অবৈধ পথে আসা এ অস্ত্র ব্যবহার হচ্ছে নাশকতার কাজে। চোরাকারবারিরা আগে মাদকবহনের কাজে নারীদের ব্যবহার করতেন। এখন অস্ত্র পরিবহনের কাজে নারীদের লাগানো হচ্ছে।

শনিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক অভিযানে সন্দেহভাজন এক নারীকে তল্লাশি করে অস্ত্র ও গুলির একটি বড় চালান আটকের পর পুলিশ এসব তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ ও পুলিশের যৌথ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র ও ৯৬ রাউন্ড গুলিসহ সুরাইয়া পারভীন সুমি নামের এক নারীকে আটক হয়েছেন। শনিবার সকালে মহানগরীর লবনচরা থানার খুলনা-সাতক্ষীরা সড়কের নিজ খামার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা মো. আশরাফ উদ্দিনের মেয়ে। তার কাছ থেকে তিনটি পিস্তল, দুটি রিভলভার, চারটি ম্যাগজিন এবং ৯৬ রাউন্ড গুলি উদ্ধার হয়।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক এসকে ইফতেখার মোহাম্মদ উমায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকায় মাদকের একটি চালান যাচ্ছে। এ তথ্যের ভিত্তিতে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা যৌথভাবে নিজ খামার এলাকায় তল্লাশি অভিযান চালান। প্রথমে দুজন নারীর কাছ থেকে কোডিন ফসফেটযুক্ত ৮০ বোতল নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। পরে আরেকটি গাড়িতে তল্লাশি চালিয়ে অন্য এক নারীর কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

লবনচরা থানার ওসি তুহিনুজ্জামান বলেন, সাতক্ষীরা থেকে খুলনা হয়ে ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে উক্ত নারীকে অস্ত্র ও গুলি সহ আটক করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম জানান, উদ্ধারকৃত অস্ত্রগুলো ইন্ডিয়া থেকে এসেছে। আগেও অনেকবার এভাবে অস্ত্রের চালান এসেছে। অস্ত্রগুলো সাতক্ষীরা থেকে খুলনা হয়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। এ অস্ত্র নাশকতার কাজে ব্যবহার হতো।

তিনি আরও জানান, অস্ত্রগুলো কে তাকে দিয়েছে, এগুলো কোথায় যাবে, সেসব তথ্য আমরা পেয়েছি। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ শুরু করেছে বলে জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...