রাজশাহীর নিউ মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর ষষ্ঠীতলা এলাকার এ মার্কেটের পেছনের অংশে আগুন লাগে। আগুন নেভানোর এ সময় দেলোয়ার হোসেন নামে রাজশাহী ফায়ার সার্ভিসের এক ফায়ার ফাইটার আহত হয়েছেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাতটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। আগুনে ১৫টি দোকান পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম।
তিনি বলেন, রাত সাড়ে ১২টার দিকে মার্কেটের পেছনের অংশে কাঁচাবাজারে আগুন লাগে। রাত পৌনে ১টা থেকে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নেভাতে গিয়ে অতিরিক্ত ধোঁয়ায় ফায়ার ফাইটার দেলোয়ার হোসেন আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মার্কেটের ভেতরের অংশের কোনও দোকান ক্ষতিগ্রস্ত হয়নি। পেছনের অংশের ১৫টি সবজি ও মুদি দোকান পুড়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

