গাইবান্ধা সাঘাটার বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সদস্য মোহাম্মদ সালাউদ্দিনকে শেষ বিদায় জানিয়েছেন অশ্রুসিক্ত এলাকাবাসী। বিদায়বেলায় তার বন্ধু, রাজনৈতিক সহকর্মী ও স্থানীয় বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েন।
রোববার সকাল সাড়ে ৮টায় উপজেলার বোনারপাড়া সরকারি কাজী আজহার আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সালাউদ্দিনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় অংশ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মমতাজ উদ্দিন, গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, গাইবান্ধা জেলা জামায়াতের আমির ও সদর আসনের সংসদ সদস্য আব্দুল করিম, গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু, নিহত সালাউদ্দিনের বাবা শামসুল হুদা দুদু, গাইবান্ধা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আল কারযাভী, সেক্রেটারি ফাহিম মন্ডল, সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইব্রাহিম হোসাইন, সেক্রেটারি আব্দুল গফুর, সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক এনামুল হক সরকার, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সাজেদুর রহমান সাদাসহ অনেকে।
যেভাবে হামলার শিকার হন সালাউদ্দিন।
প্রসঙ্গত, ২১ জুন সাঘাটার কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন চত্বরে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সঙ্গে যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুলের কথা-কাটাকাটি হয়। পরে স্থানীয় নেতাদের সমঝোতায় বিষয়টি মীমাংসা হলে সবাই উপজেলা চত্বর থেকে চলে যান।
এর কিছুক্ষণ পর শিবির নেতা সাইফুল্লাহ ও কর্মী মোহাম্মদ সালাউদ্দিন বোনারপাড়া চৌমাথায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় যুবদল নেতা মোখলেছুর রহমান মুকুল, তার ছোট ভাই পলাশসহ ১০-১২ জন তাদের ধাওয়া করেন। একপর্যায়ে তারা ছুরি দিয়ে সালাউদ্দিনকে আঘাত করেন।
এ সময় বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী এগিয়ে এলে তাকেও ধাওয়া করে রাস্তায় ফেলে গলায় ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল্লাহকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সালাউদ্দিনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
দীর্ঘ ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল পৌনে ৮টার দিকে সালাউদ্দিন মারা যান। রোববার সকালে জানাজা শেষে অশ্রুসিক্ত পরিবেশে তাকে শেষ বিদায় জানান স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

