বরিশালের উজিরপুর উপজেলার ২ নং হারতা ইউনিয়নে ফেসবুকে চেয়ারম্যান প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে বিএনপির দুই নেতার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় এক নেতা প্রতিপক্ষের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জানা গেছে, ২ নং হারতা ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র সহ-সভাপতি গোলাম মোস্তফা কামাল সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা দেন। এর জেরে প্রতিপক্ষ গ্রুপের নেতা ও সাবেক যুবদল নেতা, ইউনিয়ন বিএনপির সদস্য মাইনুদ্দিন তালুকদার (৫০)-এর সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।
ভুক্তভোগী বিএনপি নেতা মোহাম্মদ মোস্তফা কামাল জানান, মঙ্গলবার সন্ধ্যায় হারতা কাজীবাড়ি সংলগ্ন মসজিদের সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় মাইনুদ্দিন তালুকদার তাকে ডেকে নিয়ে প্রার্থিতা ঘোষণার বিষয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি প্রতিবাদ করলে মাইনুদ্দিন তাকে মারধর করেন। স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত পালিয়ে যান বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, মোস্তফা কামাল ও মাইনুদ্দিন তালুকদারের মধ্যে আগে থেকেই জমিজমা সংক্রান্ত বিরোধ রয়েছে। অনেকের ধারণা, পূর্বের সেই বিরোধও এ ঘটনার পেছনে ভূমিকা রাখতে পারে।
অভিযুক্ত মাইনুদ্দিন তালুকদার বলেন, নির্বাচনকেন্দ্রিক কোনো বিরোধ নয়। তার সঙ্গে আমার জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। রাগের মাথায় একটি থাপ্পড় মেরেছি। পুলিশ তদন্ত করে যে ব্যবস্থা নেবে, আমি তা মেনে নেব।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

