ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি এবং নিহতদের পরিবারের মধ্যে পাঁচ কোটি ২৯ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ- বিআরটিএ ট্রাস্টি বোর্ড।
বুধবার সকালে ময়মনসিংহ সিটি করপোরেশন মিলনায়তনে বিভাগের চার জেলার মোট ১৩৩ জন ক্ষতিগ্রস্ত পরিবারের স্বজনদের হাতে এ চেক তুলে দেন সংস্থার চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।
আবেদনকারী ক্ষতিগ্রস্তদের মধ্যে আহত প্রত্যেককে এক থেকে তিন লাখ এবং নিহতের স্বজনদের পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।
জেলা প্রশাসন ও বিএআরটিএ ময়মনসিংহ বিভাগের আয়োজনে অনুষ্ঠানে ময়মনসিংহ জেলায় ৭৬টি চেকের বিপরীতে তিন কোটি চার লাখ টাকা দেওয়া হয়। এছাড়া জামালপুরের ৩৫ জনকে এক কোটি ২৭ লাখ, নেত্রকোনার ১৮ জনকে ৭৮ লাখ ও শেরপুরের চারজনকে ২০ লাখ টাকার সহায়তা দেওয়া হয়।
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব উল্লেখ করে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন প্রয়োগ আরো জোরদার করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারগুলোকে দ্রুততম সময়ে আর্থিক সহায়তা পৌঁছে দিতে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
ময়মনসিংহের জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআরটিএর পরিচালক (অডিট ও আইন) রুবাইয়াৎ-ই-আশিক, ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক (ইঞ্জিনিয়ার) সুব্রত কুমার দেবনাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত হাশেম, জেলা মোটরযান মালিক সমিতির সভাপতি আলমগীর মাহমুদসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা, মোটরযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

