দেশে ফিরে ডাকাতির কবলে পড়েছেন দুই প্রবাসী। রূপগঞ্জের পূর্বাচল উপশহরে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর দুটি গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) ভোরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪ নম্বর ব্রিজের কাদিরারটেক ও লেংটার মাজার এলাকায় পৃথক ওই দু’টি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দল প্রবাসী ও তার পরিবারের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইলসহ প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করেছে।
ভুক্তভোগী রুপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের ইজ্জত আলীর ছেলে মালয়েশিয়া প্রবাসী আমজাদ হোসেন জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে মালয়েশিয়া থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। স্ত্রী ফাহিম আখতার ও বাবা ইজ্জত আলীকে নিয়ে একটি মাইক্রোবাসে করে নিজ বাড়ি পুবেরগাঁও উদ্দেশ্যে রওনা হন।
ভোর সোয়া ৫টার দিকে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ৪নং ব্রিজের কাদিরারটেক এলাকায় আসা মাত্র একটি সাদা মাইক্রোবাস যোগে একদল ডাকাত নিজেদের পুলিশ পরিচয় দিয়ে প্রবাসী আমজাদ হোসেনকে বহনকারী গাড়ি গতিরোধ করে। পরে আমজাদ হোসেনের মাথায় পিস্তল ঠেকিয়ে এবং গাড়িতে থাকা অন্যান্য সদস্যদের অস্ত্র মুখে জিম্মি করে ফেলে। এ
সময় গাড়ি চালক রিফাতকে নিয়ে বেধড়ক মারপিট করে। পরে সাথে থাকা মোবাইল সেট, স্বর্ণের হার, চেইন,কানের দুল,নগদ টাকাসহ প্রায় আট লাখ টাকার মালামাল লুট করে একই মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
অন্যদিকে, মৌলভীবাজার জেলার সদর উপজেলার পাদুনাথপুর এলাকার আব্দুল হান্নান এর ছেলে দুবাই প্রবাসী ভুক্তভোগী আব্দুল কাদির জানান, তিনিও ভোরে দুবাই থেকে হরযত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে ছোট ভাই ফয়েজ মিয়া ও ছোট ভাইয়ের বন্ধু রুহুল আমিনকে নিয়ে একটি মাইক্রোবাস যোগে নিজ বাড়িতে ফিরছিলেন আব্দুল কাদির। উপশহরের ৩০০ ফুট সড়কের লেংটার মাজার এলাকায় এসে পৌঁছালে সিলভার কালার একটি মাইক্রোবাস যোগে এসে পুলিশ পরিচয় দিয়ে একদল ডাকাত প্রবাসী আবদুল হান্নানের মাইক্রোবাসটি গতিরোধ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা, মোবাইল সেট, মালামাল ভর্তি লাগেজসহ প্রায় চার লাখ ৭৮ হাজার টাকা লুটে নেয়। পরে তাদেরকে ফেলে রেখে ডাকাত দল কাঞ্চন ব্রিজ এলাকার দিকে পালিয়ে যায়।
স্থানীয়দের অভিযোগ, পূর্বাচল পুলিশ ফাঁড়ি থাকলেও এ এলাকায় চুরি-ডাকাতি, হত্যা,ছিনতাইসহ নানা অপরাধের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে।
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, এ ব্যাপারে প্রবাসী আমজাদ হোসেন ও আব্দুল কাদির রূপগঞ্জ থানায় পৃথক দু’টি অভিযোগ করেছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

