ভাঙ্গায় মাদক বহনকারী মাইক্রোবাস খাদে, নিহত ১

ভাঙ্গায় মাদক বহনকারী মাইক্রোবাস খাদে, নিহত ১
ছবি: আমার দেশ

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার ভাঙ্গা টেকেরহাট মহাসড়কের বরইতলা এলাকায় মাদক বহনকারী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে জাহিদ হাসান নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি মেহেরপুর জেলার রঘুনাথপুর গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে।

এ ঘটনায় মাইক্রোবাসের বেশ কয়েকজন যাত্রী রাতের আঁধারে পালিয়ে গেছেন। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ১০টার দিকে ভাঙ্গা ও মুকসুদপুর সীমান্তবর্তী বরইতলা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বিষয়টি বুধবার সকালে আমার দেশকে নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খান।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভাঙ্গা থেকে টেকেরহাটগামী একটি হাইয়েস মাইক্রোবাস বেশ কয়েকজন যাত্রী নিয়ে টেকেরহাটের দিকে যাচ্ছিল। পথে বড়ইতলা এলাকায় পৌঁছালে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।

স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে মাইক্রোবাসের ভেতরে থাকা যুবক জাহিদ হাসানকে দ্রুত উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় জাহিদ হাসানের।

ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু জাফর গণমাধ্যম কর্মীদের জানান, মাদক বহনকারী একটি হাইয়েস মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে গাড়ির মধ্যে দুটি ব্যাগের সাতটি কার্টন ভর্তি ১৪০ পিস স্কার্ফ উদ্ধার করেন তারা। পরে ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খানের কাছে সেগুলো হস্তান্তর করেন বলে জানান।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মাইক্রোবাসে থাকা অন্য যাত্রীরা ঘটনাস্থল ত্যাগ করেন । আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিহতের লাশ সজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় হাইওয়ে থানা পুলিশ।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন