কক্সবাজার সমুদ্রে ৪ পর্যটকের লাশ উদ্ধার, এখনো একজন নিখোঁজ

কক্সবাজার সমুদ্রে ৪ পর্যটকের লাশ উদ্ধার, এখনো একজন নিখোঁজ
ফাইল ছবি

কক্সবাজার সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে আবারও চার পর্যটকের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বুধবার বিকেলে তিনজনের লাশ উদ্ধার হয়। এ ছাড়া বৃহস্পতিবার সকালে দুজনের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন একজন।

বিজ্ঞাপন

বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রামু থানার ওসি এ কে ফজলুল হক ও হিমছড়ি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (আইসি) সুমনাথ বসু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত চার পর্যটক হলেন রাজধানী ঢাকার উত্তরা দিয়াবাড়ি এলাকার মো. বোরহান (২৩), সাইফুল ইসলাম (২৩) ও নাফিসুল হক (২২) এবং চট্টগ্রামের হারুনুর রশিদ (২৫)। নিবিড় নামে আরেক পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন, তিনিও চট্টগ্রামের বাসিন্দা।

ওসি জানান, ঢাকা ও চট্টগ্রাম থেকে আসা দুটি গ্রুপ সমুদ্রসৈকতের হিমছড়ি পয়েন্টে গোসল করতে নেমেছিল। পাঁচজন ঢেউয়ের তোড়ে ভেসে যান। পরে তিনজনের লাশ উদ্ধার করা হয়। দুজন নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার সকালে একজনের লাশ উদ্ধার করা হয়।

এদিকে কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে প্রতি বছরই পর্যটকের মৃত্যুর ঘটনা ঘটছে। বিশ্বের দীর্ঘতম বালুকাময় এই সমুদ্রসৈকতে আনন্দ ভ্রমণে এসে গোসলে নেমে গুপ্তখাল ও তীব্র স্রোতের টানে ভেসে গিয়ে প্রতি বছর ৬ থেকে ১৬ জন পর্যটকের মৃত্যু হয়। সাম্প্রতিক বছরগুলোতে এই প্রাণহানির হার আশঙ্কাজনক হারে বেড়েছে। বর্তমানে এই মৃত্যুহার বছরে ১২ থেকে ১৬ জনে দাঁড়িয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন