পাবনার আমিনপুরে নিখোঁজের একদিন পর সুপ্রভাত মদক (৪৫) নামে এক হোটেল ব্যবসায়ীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আহম্মদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি হলুদ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত সুপ্রভাত মদক ওই এলাকার সত্য চন্দ্র মদকের ছেলে। তিনি স্থানীয় কাশীনাথপুরের বিখ্যাত ‘দাদাভাই হোটেল’-এর ব্যবসায়ী ছিলেন।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার নিজ ব্যবসায়িক প্রতিষ্ঠানে থাকাকালে স্বজনদের কিছু না বলেই হঠাৎ বের হয়ে যান সুপ্রভাত। পরবর্তীতে রাতেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য নানা স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কোনো সন্ধান না পেয়ে অবশেষে পরিবারের পক্ষ থেকে আমিনপুর থানায় একটি লিখিত জিডি করা হয়।
ঘটনার পরপরই পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় নিখোঁজ ব্যবসায়ীর মোবাইল ফোনের অবস্থান শনাক্তকরণের চেষ্টা চালায়। সোমবার রাত ১২টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি সাময়িকভাবে চালু পাওয়া যায়। এ সময় একাধিকবার কল করা হলেও সুপ্রভাত কল রিসিভ করেননি। পরবর্তীতে ওই নম্বর থেকে উল্টো কল এলেও পুলিশ দ্রুততম সময়ে সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত করতে সক্ষম হয়নি।
মঙ্গলবার সকালে বসতবাড়ির পেছনের একটি হলুদের ক্ষেতে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুনে পুরো শরীর ঝলসানো ও পোড়ানো অবস্থায় মরদেহটি উদ্ধার করে। পরে স্থানীয় ও স্বজনরা নিশ্চিত করেন যে, লাশটি সুপ্রভাত মদকের।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আমিনপুর থানার ওসি মো. ফজলে ইলাহী জানান, পুরো শরীর আগুনে পোড়ানো ও ঝলসানো অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন এবং এর সঙ্গে জড়িত ঘাতকদের দ্রুত সনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ সক্রিয়ভাবে মাঠে কাজ করছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

