শুধু শাস্তি দিয়েই সমাজ উন্নয়ন সম্ভব নয় বলে অভিমত ব্যক্ত করে খুলনা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে শাস্তি বিধানের পাশাপাশি অপরাধ মূলক কর্মকাণ্ডে নিরুৎসাহী করতে কাউন্সিলিংও বেশ ফলপ্রসূ হতে পারে। অপরাধ নিয়ন্ত্রণে বর্তমানে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অপরাধমূলক কার্যকলাপের সামাজিক নানা কুফল সম্পর্কে সাংবাদিকদের লেখনীও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি অভিমত দেন।
বুধবার (১২ আগস্ট) দুপুরে নড়াইলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ মতবিনিময়ের আয়োজন করা হয়। এ সময় ডিআইজি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করে, মাদক সংশ্লিষ্টতা পেলে সে যেই হোক তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান।
প্রযুক্তি নির্ভর পুলিশিং এর উপর গুরুত্ব আরোপ করে তিনি আরো বলেন, অপরাধের নিত্য নতুন ধরণ গতানুগতিক পুলিশিং দিয়ে নিয়ন্ত্রণ দুরূহ, এজন্য জনসাধারণের কাঙ্ক্ষিত নিরাপত্তা বিধান, অপরাধ দমনে প্রযুক্তি নির্ভর পুলিশিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নূর- ই- আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার কালিয়া সার্কেল রবিন হালদারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

