সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক করেছে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিজ্ঞাপন

শনিবার (৩০ আগস্ট) ভোরে এবং শুক্রবার (২৯ আগস্ট) রাতে পৃথক অভিযানে এসব মদ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দুইটায় সুনামগঞ্জ সদর উপজেলার ১নং জাহাঙ্গীরনগর ইউনিয়নের উত্তর ডুলুরা এলাকায় নারায়ণতলা বিওপি’র টহল দল অভিযান চালায়। এসময় সীমান্ত পিলার ১২১২/১০-টি থেকে প্রায় ২০০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ১৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২ হাজার ৫০০ টাকা।

এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তাহিরপুর উপজেলার ৪নং বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় চাঁনপুর বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ১২০২/৭-এস থেকে ১৫০ গজ ভেতরে মালিকবিহীন অবস্থায় ৩১ বোতল ভারতীয় মদ আটক করা হয়, যার বাজারমূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।

দুই অভিযানে মোট ১৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে, যার সর্বমোট সিজার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার টাকা।

এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় মদ আইনি প্রক্রিয়া শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুনামগঞ্জে জমা করার প্রক্রিয়া চলছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন