এনসিপির সম্মেলনে প্রতিপক্ষের কোপে বৈষম্যবিরোধী নেতা জখম

এনসিপির সম্মেলনে প্রতিপক্ষের কোপে বৈষম্যবিরোধী নেতা জখম

মাদারীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মী সম্মেলনে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাসুম বিল্লাহকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

বুধবার বিকেলে মাদারীপুর পৌর শহরের বাদামতলা ভূইয়া কমিউনিটি সেন্টারে পূর্বঘোষিত কর্মীসভা শুরু হওয়ার পূর্বে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের বাদামতলা এলাকায় ভূইয়া কমিউনিটি সেন্টারে বুধবার বিকেলে পূর্ব নির্ধারিত জাতীয় নাগরিক পার্টির কর্মী সম্মেলনে কিছু লোকজন উপস্থিত হয়ে হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে মাসুম বিল্লাহকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার সাথে এনসিপির লোকজন জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এব্যাপারে জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নেয়ামত উল্লাহ বলেন, ‘মাসুম বিল্লাহ ছাত্র-জনতার আন্দোলনের প্রথম সারির যোদ্ধা। এনসিপির একটি পূর্বনির্ধারিত সভা শুরু আগেই কুপিয়ে পিটিয়ে মারাত্মকভাবে জখম করেছে কিছু সন্ত্রাসীরা। যারা কিছু দিন আগে জেলায় সমন্বয় কমিটি করেছিল। তাদের লোকজনই মাসুমের উপর হামলা চালিয়েছে। এ ঘটনার বিচার দাবি করি।'

এই বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে, তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

উল্লেখ্য, সম্প্রতি মাদারীপুর জেলায় এনসিপির কমিটি গঠন করা হয়। এই কমিটি গঠনের পর থেকেই স্বাস্থ্য উপ-কমিটির সদস্য হাসিবুল্লাহ এবং মাসুম বিল্লাহর মধ্যে মতবিরোধ চলছিল। সেই দ্বন্দ্বের সূত্র ধরেই এনসিপির কর্মী সম্মেলনের সময় হামলার ঘটনা ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন