নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের আলোচিত মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে ‘সাগর হুজুর’কে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার নেত্রকোণা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম এ রায় ঘোষণা করেন। মামলায় অপর আসামি তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়া। তারা দুজনেই কারাগারে রয়েছেন।
মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। মাত্র ৬০ কার্যদিবসে মামলাটির বিচারকার্য সম্পন্ন হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল বলেন, ডিএনএ প্রোফাইল প্রতিবেদন, পুলিশের অভিযোগপত্র ও সাক্ষ্য—সব মিলিয়ে আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড প্রত্যাশা করেছিলেন তিনি। আজ আদালত সেই প্রত্যাশা পূরণ করল।
মামলার বিবরণে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করেন।
গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষা করে চিকিৎসক শিশুটি অন্তঃসত্ত্বা বলে জানান। পরে ২৩ এপ্রিল তার মা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন।
৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাবের হাতে গ্রেপ্তার হন সাগর। পরদিন আদালত তাকে তিন দিনের রিমান্ডে পাঠায়। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার ডিএনএ পরীক্ষার নির্দেশ দেয়।
শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে ২ জুলাই সে একটি কন্যাশিশুর জন্ম দেয়।
নবজাতকের ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন করে পুলিশ। পরে আদালতের নির্দেশে ২৮ জুলাই সিলেটের ওই সেফ হোমে নবজাতকের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি।
সিআইডির প্রতিবেদন প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেল তখন সাংবাদিকদের বলেছিলেন, ‘প্রতিবেদনে ১১ বছরের শিশুটির সন্তানের ও আসামি মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইল মিলেছে। অর্থাৎ, ১১ বছরের শিশুটির কন্যাসন্তানের ‘জৈবিক বাবা’ আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর—এটা প্রমাণিত হয়েছে।’
পরে ২৭ আগস্ট পুলিশ সাগর হুজুর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
ঘটনা প্রকাশের শুরুতে বিষয়টি সামনে আনা গাইনি চিকিৎসক সায়মাকে নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়েছিল। আজকের রায়ে প্রমাণিত হলো, তিনি সত্যের পক্ষেই দাঁড়িয়েছিলেন।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


