ময়মনসিংহের গফরগাঁও পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের একটি আধাপাকা বাড়িতে অগ্নিকান্ডে সাতটি কক্ষ পুড়ে গেছে। আগুনে ঘরে থাকা নগদ টাকাসহ সব মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের এক ঘণ্টার চেষ্টায় আগুন আগুন নিয়ন্ত্রণে আসে।
বুধবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের রেলওয়ে স্টেশনের পশ্চিমে ষোলহাসিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে হঠাৎ ওই বাড়িতে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে গফরগাঁও ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই ওই বাড়ির রমিজা, রজব আলী, শামসুন নাহার ও সোহাগসহ মোট ৭ জনের কক্ষের ভেতরে থাকা নগদ টাকা, টিভি ফ্রিজসহ প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রমিজা ও রজব আলী বলেন, গতকাল স্থানীয় একটি এনজিও থেকে ৭০ হাজার টাকা ঋণ উঠিয়ে ঘরে রেখেছিলাম। সেই টাকাসহ ২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমার পরনের কাপড় ছাড়া আর কিছু নেই। আমি নিঃস্ব হয়ে গেলাম।
বাসার মালিক সোহাগ মিয়া বলেন, আমার বাসার সাতটি রুম পুড়ে গেছে আমার প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই মূলত এই আগুনের সূত্রপাত হয়েছে। স্টেশন থেকে দ্রুত টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে সক্ষম হলেও আগেই আগুনে বাড়িটির কক্ষগুলো ও ভেতরের সকল আসবাব ও মাল পুড়ে যায়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

