আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কোটি টাকা মুক্তিপণ দাবি

যশোরে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

স্টাফ রিপোর্টার, যশোর

যশোরে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করতে পারেনি পুলিশ

যশোরে এক কোটি টাকা মুক্তিপণের দাবিতে অপহৃত ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে দুদিনেও উদ্ধার করতে পারেনি পুলিশ। তাকে জীবিত উদ্ধারের আকুতি জানিয়ে বুধবার স্থানীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন তার স্ত্রী রেশমা খাতুনসহ পরিবারের সদস্যরা।

সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে রেশমা খাতুন জানান, তার স্বামী যশোর শহরের শংকরপুর এলাকায় ‘আর আর মেডিকেল’ ও ‘জেআর অ্যাগ্রোভেট’ নামে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করেন।

বিজ্ঞাপন

গত সোমবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি মোটরসাইকেলযোগে ধর্মতলা সুজলপুর এলাকায় নিজ বাসায় ফিরছিলেন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত মাইক্রোবাসযোগে এসে তার পথরোধ করে এবং তাকে জোর করে তুলে নিয়ে যায়।

অপহরণের এক ঘণ্টা পর রাত ১০টার দিকে জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত মোবাইল ফোন থেকেই তার মা জাহানারা খাতুন ও স্ত্রী রেশমা খাতুনকে ফোন করা হয়। দুর্বৃত্তরা জানায়, জাহাঙ্গীরকে জীবিত ফেরত পেতে হলে এক কোটি টাকা দিতে হবে। এরপর থেকেই তার ফোনটি বন্ধ রয়েছে।

রেশমা খাতুন বলেন, ‘আমার স্বামীর কোনো শত্রু ছিল না। তিনি অত্যন্ত সৎভাবে ব্যবসা পরিচালনা করতেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিন মেয়েকে নিয়ে আজ আমরা চরম দিশাহারা ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছি।’ তিনি অভিযোগ করেন, ঘটনার পরপরই পুলিশকে জানানো হয়েছিল। কিন্তু তিনদিন পার হওয়ার পরও কোনো কার্যকর অগ্রগতি হয়নি।

এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ওসি ফারুক আহমেদ জানান, বিষয়টি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। তিনি বলেন, ‘আমরা প্রযুক্তির সর্বাধুনিক ব্যবহার নিশ্চিত করে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি, দ্রুতই তাকে উদ্ধার করা সম্ভব হবে।’

সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলমের মা জাহানারা খাতুন, ছোট বোন সেলিনা খাতুন, দুই মেয়ে হৃদা ও রুপুসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে জাহাঙ্গীর আলমকে জীবিত উদ্ধার এবং জড়িতদের গ্রেপ্তারে প্রশাসনের জোর তৎপরতা দাবি জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...